ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ১২:২৩ পিএম

ফাইল ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন। কোরআন হিফজ, তিলাওয়াত ও ব্যাখ্যার ওপর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩টি দেশের ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী, যা এ প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় মক্কায় এ প্রতিযোগিতা শুরু হয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা, তা অনুধাবন ও চিন্তাভাবনায় উৎসাহিত করা এবং কোরআনের সেবায় সৌদি আরবের প্রচেষ্টাকে তুলে ধরাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক আয়োজন করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান হবে মসজিদুল হারামে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতা পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মোট পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতা শুরুর পর থেকে সর্বোচ্চ।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত