ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ অগাস্ট ২০২৬ | ৪:২৬ পিএম

তানজানিয়ায় অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জ লিগ বি’ গ্রুপে শীর্ষ দুই দলের একটি হিসেবে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে ইতালি ও উগান্ডা। ছয় দলের এই গ্রুপে স্বাগতিক তানজানিয়া ছাড়াও রয়েছে হংকং, বাহরাইন ও সিঙ্গাপুর।
প্রতিযোগিতার তিন পর্বের মধ্যে শেষ পর্বের আর মাত্র এক দিনের খেলা বাকি। তবে এরই মধ্যে শীর্ষ দুই থেকে ছিটকে পড়ার ঝুঁকি নেই কোনো দলেরই। হংকংকে ছয় উইকেটে হারিয়ে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ইতালি। শীর্ষ দুইয়ে ওঠার দৌড়ে হংকংই ছিল তাদের জন্য একমাত্র সম্ভাব্য হুমকি।
প্লে-অফে ইতালি ও উগান্ডার সঙ্গে খেলবে ‘ক্রিকেট বিশ্বকাপ লিগ ২’-এর তলানির চার দল—বর্তমানে নামিবিয়া, কানাডা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ‘চ্যালেঞ্জ লিগ এ’ গ্রুপের শীর্ষ দুই দল—বর্তমানে জার্সি ও কুয়েত—অংশ নেবে এই পর্বে।
প্লে-অফের ম্যাচগুলো ওয়ানডে হিসেবে গণ্য হবে। ফলে দলগুলো সাময়িকভাবে ওয়ানডে মর্যাদা পাবে। প্লে-অফ থেকে শীর্ষ চারটি দল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত