ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ১১:৩৭ এএম

লা লিগায় দুর্দান্ত ছন্দে ছুটছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়াস জুনিয়রদের নৈপুণ্যে মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
রোববার (৩০ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই মালাগার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও এক গোল করে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
রিয়ালের হয়ে গোল করেছেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলার। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে।
ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম। মালাগার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় আত্মঘাতী গোলে। এমবাপ্পের শট ঠেকিয়ে দিয়েছিলেন মালাগা গোলরক্ষক আলফনসো হেরেরো। ফিরতি বলে বেলিংহ্যামের হেড রুখতে গিয়ে বল গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
৩০তম মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ডান দিক থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বাড়ানো মাপা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় নিচু শটে বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি রিয়াল। একাধিক সুযোগ তৈরি করলেও মালাগার গোলরক্ষক হেরেরোর দৃঢ়তায় ব্যবধান আর বাড়ছিল না। ৫৫তম মিনিটে বেলিংহ্যামের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর এমবাপ্পের শক্তিশালী হেডও দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন হেরেরো।
মালাগাও কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল। তবে থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সেগুলো কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালের চতুর্থ গোল আসে। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে বল পেয়ে ছয় গজ বক্সের ভেতর পা ছুঁইয়ে জালে পাঠান বদলি হিসেবে নামা তুর্কি তারকা আরদা গুলার।
শেষ মুহূর্তে এমবাপ্পে আরও একবার গোলের সুযোগ তৈরি করলেও মালাগার গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে লা লিগায় তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে তারা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত