সর্বশেষ
ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ‘ব্লু ইকোনমি’: শিক্ষামন্ত্রী সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩ কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, নতুন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৬ পিএম

কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

ভারতের কেরালায় টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় হড়পা বান ও ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজ্যের মালাপ্পুরম, ইডুক্কি ও কোট্টায়াম জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে মালাপ্পুরম জেলার নীলাম্বুর ও আমরাম্বালম এলাকায়। সেখানে অতিবৃষ্টির কারণে কোট্টাপুঝা নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় নদীর পাশে ঘুরতে যাওয়া পাঁচজনের একটি দল স্রোতে ভেসে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা একজনকে জীবিত উদ্ধার করেন। পরে উদ্ধারকারী দল নদী থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ বাকি দুজনের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

রোববার ছুটির দিন হওয়ায় কোট্টাপুঝা নদীর আশপাশে পর্যটক ও স্থানীয় মানুষের ভিড় ছিল। পাহাড়ি ও জঙ্গল এলাকায় অতিবৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বেড়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় নদী এলাকা থেকে প্রায় ২৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির সময় পাহাড়ের মাটি ও পাথর ধসে একটি অস্থায়ী কৃষিঘর চাপা পড়ে। এতে বালাকৃষ্ণন ও চিন্নু নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা মারিয়াম্মা নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি পথ ও টানা বৃষ্টির কারণে ঘটনাস্থলে ভারী উদ্ধারযন্ত্র পৌঁছাতেও বেগ পেতে হয়।

অন্যদিকে কোট্টায়াম জেলার ভেলাথুসেরি এলাকায় পাহাড়ি পথ থেকে কাদামাটি ধসে সঙ্গীতা অরুল লাল নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। ভ্যাগামন এলাকা থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

দুর্যোগ মোকাবিলায় কেরালা প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। ইডুক্কি ও কোট্টায়াম জেলার প্রশাসনকে প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নীলাম্বুর-আমরাম্বালম এলাকায় বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মালাপ্পুরমেও জরুরি উদ্ধারকাজে বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) কেরালার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এরই মধ্যে ইডুক্কি ও কোট্টায়ামের সতর্কতা হলুদ থেকে কমলা পর্যায়ে উন্নীত করা হয়েছে। এতে খুব ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে।

আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে ভূমিধস ও হড়পা বান নিয়ে ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com