সর্বশেষ
যুক্তরাজ্যের অডিটে বাংলাদেশের দুই বিমানবন্দরের নিরাপত্তায় বড় উন্নতি জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; নিখোঁজ ৪ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১:০৪ পিএম

ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তির আবেদনও জানানো হয়েছে।

সোমবার দাখিল করা ওই আবেদনে আটকাদেশ বাতিলের অনুরোধ জানানো হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের বোন আলিমা খানের ছেলে শাহরাইজ খান আবেদনটি করেছেন।

আবেদনে শাহরাইজ খান তার মা আলিমা খান এবং ইমরান খানের অন্য দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকের বিরুদ্ধে জারি করা আটকাদেশকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর লাহোরের ডেপুটি কমিশনার জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ নম্বর ধারায় ৩০ দিনের আটকাদেশ জারি করেন। ওই আদেশে আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিককে আটক করার ব্যবস্থা করা হয়। আলিমা খানকে এর আগেই আটক করা হয়েছিল। পরে সোমবার উজমা খান ও নরিন নিয়াজিককেও আটক করা হয়।

আবেদনে শাহরাইজ খান দাবি করেন, লাহোরের ডেপুটি কমিশনারের জারি করা আটকাদেশ আইনসম্মত নয়। তার ভাষ্য, ব্যক্তিগত কাজে যাওয়ার সময় আলিমা খানকে আটক করা হয়। তখন জনশৃঙ্খলা বা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কোনো জনসমাবেশ বা পরিস্থিতি ছিল না।

আবেদনে আরও বলা হয়, আলিমা খান ও তার গাড়িচালক মুহাম্মদ আমিরকে লাহোর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। শাহরাইজ খান তার মাকে আইন মান্যকারী নাগরিক হিসেবে উল্লেখ করে দাবি করেন, জননিরাপত্তা বা জনস্বার্থের ক্ষতি হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে আলিমা খান কখনো জড়িত ছিলেন না।

আবেদনকারীর অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের চাপ এবং পুলিশের মৌখিক পরামর্শের ভিত্তিতে স্থানীয় প্রশাসন এই আটকাদেশ জারি করেছে। তার আরও দাবি, সরকারি নথিতে আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি।

আবেদনে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, লাহোরের ডেপুটি কমিশনার, লাহোর পুলিশের প্রধান এবং লাহোর সেন্ট্রাল জেলের কারা তত্ত্বাবধায়ককে বিবাদী করা হয়েছে।

এদিকে ইমরান খানের পরিবারের সদস্যদের একের পর এক আটকের ঘটনায় তার ছেলে কাসিম খান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এসব ঘটনাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে অভিযোগ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাসিম খান অভিযোগ করেন, তার খালা উজমা খান ও নরিন নিয়াজিক এবং চাচাতো ভাই শেরশাহ ও শাহরাইজ খানকে তাদের বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

কাসিম খান আরও বলেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তার ভাষ্য, এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না এবং পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচির আগে ইমরান খানের পরিবারের সদস্যদের এই আটকের ঘটনা ঘটল। আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি এখন লাহোর হাইকোর্টে বিচারাধীন।

সূত্র: এএনআই

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com