সর্বশেষ
দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক পরমাণু অস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পথে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল এশিয়ান গেমসে টানা তৃতীয় হার বাংলাদেশের নারী হকি দলের ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় অসুস্থ প্রায় ২ লাখ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, আহত ১১ শিক্ষার্থী কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১:২০ পিএম

ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ফ্রান্স প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-চারলেট। তিনি বলেছেন, শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক, বহুপক্ষীয়তা ও সহযোগিতার মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের অর্থনীতি, জলবায়ু, সামুদ্রিক নিরাপত্তা ও রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

মঙ্গলবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে ডিক্যাবের নেতৃবৃন্দকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান ফরাসি রাষ্ট্রদূত। একই সঙ্গে ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন হিসেবে ডিক্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বর্তমান বিশ্ব পরিস্থিতি আগের তুলনায় আরও ‘বিশৃঙ্খল, বিপজ্জনক ও অনিশ্চিত’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন জিন-মার্ক সেরে-চারলেট। তার ভাষ্য, রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত অনেক ক্ষেত্রে যোগাযোগের একটি সাধারণ উপায়ে পরিণত হয়েছে এবং সহযোগিতার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।

তিনি বলেন, বিশ্ব একটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চলের বিস্তার এবং আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার একটি দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবে তুলে ধরেন তিনি। ১৯৫০ সালে তৎকালীন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুম্যানের দেওয়া ধারণা পরবর্তীতে ইউরোপীয় একীকরণের অন্যতম ভিত্তি হয়ে ওঠে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় প্রকল্পটি ধীরগতির এবং সংস্কারের প্রয়োজন রয়েছে—এমন মত দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও। তবে ইউরোপীয় একীকরণের মূল লক্ষ্য সংলাপ ও সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির প্রসঙ্গ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলে ধরে ফরাসি রাষ্ট্রদূত বলেন, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেন।

সৌদি আরবের সঙ্গে সহসভাপতিত্বে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আয়োজিত একটি যৌথ সম্মেলনের প্রেক্ষাপটে ফ্রান্স এই সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামসহ কয়েকটি পশ্চিমা দেশের একই ধরনের উদ্যোগের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

তার ভাষ্য, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা, ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।

বাংলাদেশের সঙ্গে অভিন্ন মূল্যবোধ

বাংলাদেশকে ফ্রান্সের ‘দীর্ঘদিনের, নির্ভরযোগ্য ও অনুমানযোগ্য অংশীদার’ হিসেবে উল্লেখ করেন জিন-মার্ক সেরে-চারলেট।

তিনি বলেন, সংঘাতের পরিবর্তে সহযোগিতা, বহুপক্ষীয়তা এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের মূল্যবোধের মিল রয়েছে।

ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইন্দো-প্যাসিফিকে ‘তৃতীয় পথ’

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের অবস্থান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফ্রান্স বহুপাক্ষিক ‘তৃতীয় পথ’ বা ভারসাম্যপূর্ণ অবস্থানকে গুরুত্ব দিচ্ছে।

দক্ষিণ এশিয়ার অংশীদার দেশগুলোকে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে সহায়তা করা ফরাসি নীতির অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। এর ফলে কোনো দেশকে ওয়াশিংটন বা বেইজিংয়ের মধ্যে একটি পক্ষ বেছে নিতে বাধ্য হতে হবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন তিনি। অবৈধ মাছ ধরা, জলদস্যুতা ও পাচারের মতো অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের কথা জানান তিনি।

বাণিজ্য ৪.৫ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে

বাংলাদেশ ও ফ্রান্সের অর্থনৈতিক সম্পর্ক গতিশীল হলেও বাণিজ্যে কাঠামোগত ভারসাম্যহীনতা রয়েছে বলে জানান ফরাসি রাষ্ট্রদূত।

তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সাড়ে চার বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। তবে ফরাসি রপ্তানির তুলনায় বাংলাদেশি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ থেকে ফ্রান্সের মোট আমদানির প্রায় ৯৫ শতাংশই টেক্সটাইল খাত, বিশেষ করে পোশাক ও পরিধেয় পণ্য থেকে আসে।

বিমান চলাচল, যন্ত্রপাতি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পরিবহন, জ্বালানি ও টেকসই নগর উন্নয়নেও ফরাসি শিল্পগোষ্ঠীগুলোর উপস্থিতির কথা তুলে ধরেন তিনি।

ভবিষ্যতে ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ডিজিটাল প্রযুক্তিতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও বৈচিত্র্যময় করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

জলবায়ু সহযোগিতা বাড়ানোর তাগিদ

জলবায়ু কূটনীতিতে ফ্রান্সের ভূমিকা তুলে ধরে জিন-মার্ক সেরে-চারলেট বলেন, ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম প্রবক্তা হিসেবে ফ্রান্স পরিবেশগত সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের সঙ্গে অভিযোজন, টেকসই অবকাঠামো ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদারের কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ফরাসি উন্নয়ন সংস্থার তহবিলের ৮০ শতাংশের বেশি জলবায়ু সহনশীলতা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশে টেকসই অবকাঠামো ও সবুজ অভিযোজন উদ্যোগেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রাজনৈতিক উত্তরণ ও নারীর অধিকার

বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়াতেও ফ্রান্স সহযোগিতা করছে বলে জানান রাষ্ট্রদূত।

একই সঙ্গে নারীর অধিকার ও জেন্ডার সমতার ক্ষেত্রে ফ্রান্সের ‘নারীবাদী পররাষ্ট্রনীতি’র কথা তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ২০২৫-২০৩০ মেয়াদের কৌশলে শিক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক ক্ষমতায়ন ও প্রজনন অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি নারীবাদী জলবায়ু পদক্ষেপ, ডিজিটাল অধিকার এবং সমতাভিত্তিক অর্থনৈতিক নীতিকেও নতুন অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

সবশেষে ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জিন-মার্ক সেরে-চারলেট বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অভিন্ন মূল্যবোধ ও শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে থাকা দেশগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করতে প্রস্তুত। দুই দেশের সম্পর্ক শুধু ভূ-রাজনীতির ক্ষেত্রে নয়, অর্থনীতি ও ব্যবসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে।

‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্কের দারুণ সম্ভাবনা রয়েছে’ বলেও মন্তব্য করেন ফরাসি রাষ্ট্রদূত।

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com