ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ১২:২৫ পিএম

ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচের সড়কে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরুর প্রায় তিন কিলোমিটার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের একটি সড়কে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে পড়ার পর কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর সাহায্যের জন্য চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ভেতর থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।
আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত