ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ পিএম

সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সিটিতে বৈঠকের পর তিনি এ দাবি জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করা উচিত। তার মতে, কেউই আইনি জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারেন না।
গ্র্যাসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উঠে এসেছিল বলেও জানান মামদানি। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত।
গত কয়েক মাস ধরে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন মামদানি। তবে সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এ পদক্ষেপ কার্যকর করার একক ক্ষমতা তার নেই। একই সঙ্গে নেতানিয়াহুর সফরবিরোধী কোনো বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।
এর আগে ট্রাম্প ও মামদানির দ্বিপক্ষীয় বৈঠকে রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে অভিবাসন আইন প্রয়োগ এবং এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, নিউইয়র্কের বাসিন্দাদের সুবিধার্থে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় জানান মামদানি।
সূত্র: টাইমস অব ইসরায়েল



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত