ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ অগাস্ট ২০২৬ | ৩:৪৫ পিএম

নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে পিংক রঙের ডাবল ডেকার বাসের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির পিংক বাস উদ্যোগকে জনবান্ধব ও টেকসই সেবায় পরিণত করা হবে। এ সেবা কোনো আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পর্যায়ক্রমে এর রুট ও বাসের সংখ্যা বাড়িয়ে দেশের আরও বিভাগে সম্প্রসারণ করা হবে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার ছিল নারীদের জন্য নারী পরিচালিত ও নারীবান্ধব একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্যেই ঢাকাসহ তিন শহরে ১৩টি রুটে ১৪টি বিশেষ বাস চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া পিংক বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিংক বাস নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের প্রতীক হয়ে উঠবে।
বিআরটিসি জানায়, উদ্বোধনের দিন বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার (১৯ আগস্ট) থেকে নিয়মিতভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সেবা পরিচালিত হবে।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন ডিপোর অধীনে একাধিক গুরুত্বপূর্ণ রুটে এ বাস চলবে। মতিঝিল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, জোয়ারসাহারা ও গাজীপুর ডিপোর মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকায় নারীদের জন্য পৃথক এই বাস পরিচালনা করা হবে।
মতিঝিল ডিপো: একটি রুটে কোকা-কোলা, নতুনবাজার, উত্তর ও মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে। একই ডিপোর আরেকটি রুট তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে পৌঁছাবে।
যাত্রাবাড়ী ডিপো: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলাচল করবে।
মোহাম্মদপুর ডিপো: মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।
কল্যাণপুর ডিপো: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।
মিরপুর ডিপো: এ ডিপোর অধীনে দুটি রুট নির্ধারণ করা হয়েছে। একটি রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অন্য রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলবে।
জোয়ারসাহারা ডিপো: আবদুল্লাপুর, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।
গাজীপুর ডিপো: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।
রাজধানীর বাইরে চট্টগ্রামে কালুরঘাট থেকে লালখান বাজার এবং কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে দুটি করে বাস চলবে। বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি রুটেও দুটি বাস পরিচালনা করা হবে।
বিআরটিসি বলছে, নারীদের কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার সঙ্গে নিরাপদ সংযোগ গড়ে তুলতেই এ বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে যাত্রী চাহিদা অনুযায়ী রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত