ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুন ২০২৬ | ৯:৪৯ এএম

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। তার জোড়া গোলে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়ে। নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত।
সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় পেডারসেন গোল করে নরওয়েকে এগিয়ে দেন।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নরওয়ে। ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে হলান্ড গোল করে ব্যবধান ২-০ করেন। তবে পাঁচ মিনিট পরই সাদিও মানের দুর্দান্ত পাস থেকে ইসমাইলা সার গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেনেগাল।
কিন্তু ৫৮ মিনিটে আবারও গোল করেন হলান্ড। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।
যোগ করা সময়ে ইসমাইলা সার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হেরে সেনেগালের সামনে এখন বিদায়ের শঙ্কা। শেষ ম্যাচে জয় পেলেও অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করতে হতে পারে আফ্রিকান দলটিকে।
এদিকে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৪-এ নিয়ে গেছেন হালান্ড। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত