সর্বশেষ
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা পশ্চিম সাহারায় একটি রাস্তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’—দাবি ট্রাম্পের শাপলা চত্বর হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের : মির্জা ফখরুল চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোন খেলায় কোন দেশ গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে এআই যুদ্ধের ছবি

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ | ৯:০৯ এএম

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক একটি বি-৫২ বোমারু বিমান। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটিতে থাকা আটজন নিহত হয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, সোমবার (১৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, ‘আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে ভয়াবহ এক ট্র্যাজেডি ঘটেছে এবং আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।’

তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

ঘাঁটির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনা থেকে আরোহীদের বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই। হেইস জানান, নিহতদের স্বজনদের বিষয়টি জানানো হচ্ছে। তাদের নাম স্বজনদের অবহিত করার ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে এডওয়ার্ডস ঘাঁটির রানওয়ের ভেতরে ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, বি-৫২ বিমানটি ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচিতে সহায়তা করছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

প্রাথমিক ভিডিও ফুটেজ পর্যালোচনার পর ঘটনাটিকে ‘উদ্ধার-অযোগ্য এবং কারও প্রাণে বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই’ বলে বিবেচনা করা হয়েছে।

 

দুর্ঘটনার কারণ এখনও নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে একাধিক তদন্ত হবে এবং তা সম্পন্ন হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। বিস্তারিত কারণ অনুসন্ধানে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানান হেইস।

বোয়িং নির্মিত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এটি ‘দ্য বাফ’ নামেও পরিচিত এবং তা আংশিকভাবে ‘বিগ আগলি ফ্যাট’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ।

আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দুর্ঘটনাস্থলে পুড়ে যাওয়া ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা দেখা গেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়, বিমানঘাঁটিটি বন্ধ করে দেয়া হয়েছে এবং সব বিমানকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, বি-৫২ একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধেও এটি বোমা হামলায় অংশ নিয়েছে।

সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই বিশাল বিমানটি প্রায় ৭০ হাজার পাউন্ড অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শত শত প্রচলিত বোমা এবং ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও থাকতে পারে।

বিমানটি আকাশেই জ্বালানি নিতে সক্ষম, ফলে এর হামলা পরিচালনার পরিসর কার্যত সীমাহীন হতে পারে। সাধারণত এই বিমানে পাঁচজনের ক্রু থাকেন। তারা হলেন বিমান কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা। এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com