নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ১২:৩০ পিএম

গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন পোশাকশ্রমিকের সঙ্গে ভাড়া থাকতেন।
গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও দুজন।
রাজিব হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণে ভবনের কক্ষ দুটির দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহত সাকিবের মরদেহ পরে বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত