নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ৭:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৩০০ মিটার পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় এবং এক অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ কর্তৃপক্ষ।
প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক দিনের মধ্যেই কিছু অসাধু চক্র আবার নতুন করে সংযোগ স্থাপন করে। এ কারণে অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। সুহিলপুর এলাকায় এর আগেও একাধিকবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত