সর্বশেষ
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | ১২:৩৩ পিএম

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ফাইল ছবি

কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খালের পর এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিয়ে উচ্চাভিলাষী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল নিয়ে চুক্তির সাফল্য তুলে ধরতে গিয়ে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনি সমাবেশে ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তির প্রশংসা করেন ট্রাম্প। এ সময় উপকূলে অবস্থানরত একটি তেলবাহী জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, জাহাজটিতে ভেনেজুয়েলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।

সমাবেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। এমনকি দেশটি শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ভেনেজুয়েলার তেল নিয়ে করা চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে এই তেল সরবরাহের জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেল নিয়ে চুক্তি করে ওয়াশিংটন।

তবে এই চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না।

ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য অবশ্য নতুন নয়। এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একই সঙ্গে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া পানামা খালের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন ট্রাম্প। তাঁর এসব বক্তব্যের বিরোধিতা করেছেন সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর নেতারা।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তিকে নিজের সাফল্য হিসেবে তুলে ধরছেন তিনি। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমে আসবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com