ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | ১১:১১ এএম

সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমার প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে ভুগছিলেন নানা জটিলতায়
মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে পপি
একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন চিত্রনায়িকা পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।
পপির মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত