ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | ১২:১৩ পিএম

সংগৃহীত ছবি
গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগও তুলেছে কমিশন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর প্রকাশিত কমিশনের এক প্রতিবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়। পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলের পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদনটি জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও প্রাণহানিও বেড়েছে। কমিশনের মতে, সেখানে রাষ্ট্রীয় মদদে সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে।
পশ্চিম তীরে বিমান হামলায় প্রাণহানি বেড়েছে
কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৮ সাল থেকে ২০২৩ সালের ৬ অক্টোবর পর্যন্ত বিমান হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। বিপরীতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ২৫৪ জন।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, পশ্চিম তীরে জাতীয়তা, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ ও বয়সের ভিত্তিতে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করেছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করেছে বলেও উল্লেখ করেছে কমিশন। গাজাতেও শিশুদের বিরুদ্ধে একই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।
যুদ্ধবিরতির পরও গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ
গাজার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে ইসরায়েলি কর্তৃপক্ষ ও বাহিনী সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। কমিশনের অভিযোগ, তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি।
ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় হামলায় নিহত চারজন, দাবি ইসরায়েলের
এদিকে, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উপত্যকার বিভিন্ন স্থানে কয়েকটি লক্ষ্যভিত্তিক হামলায় হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে হত্যা করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আইডিএফ জানায়, রবিবারের অভিযানে তিনজন নিহত হন। তাঁদের মধ্যে ইসলামিক জিহাদের সদস্য আলা আবু জায়েদ ও হামদান সুলেইমান ইব্রাহিম আবু আমরা রয়েছেন। নিহত অপর ব্যক্তি হামাসের স্নাইপার সদস্য ফাওজি সালাম ওদাত আল্লাহ সাওয়ারহা।
জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা এবং বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত রয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত