নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | ১১:১১ পিএম

গাজীপুরের টঙ্গীর ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রথম শ্রেণির এক শিশুকে নিপীড়নের অভিযোগে করা মামলার তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে পুলিশ। তদন্ত শেষ হলেই শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মামলা হওয়ার পর থেকেই তদন্ত চলছে। রোববারও ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ শেষ হলেই চার্জশিট দাখিল করা হবে। ভুক্তভোগী শিশু আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ায় তদন্তের অগ্রগতি হয়েছে। আশা করছি, খুব শিগগিরই চার্জশিট দিতে পারব।
জানা গেছে, টঙ্গীর সফিউদ্দিন রোডের মধ্য আউচপাড়ার অভিযান ১৯৩ নম্বর বাড়িতে অবস্থিত ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় গত ২১ অক্টোবর শিশু নিপীড়নের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় মাদরাসার উপাধ্যক্ষ মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়।
শনিবার ভুক্তভোগী শিশু আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর পুলিশ জানায়, জবানবন্দিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
রোববার আসামির পক্ষ থেকে আবারও জামিনের আবেদন করা হলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার শুনানি শেষে তা নামঞ্জুর করেন।
এদিকে মাদরাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরীর করা পৃথক মামলায় অভিযোগ করা হয়েছে, একদল লোক মাদরাসায় প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলারই তদন্ত করছে পুলিশ।
শিশুটির বাবা শাহজালাল রুমি সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আইনিভাবে মামলাটি মোকাবিলা করবেন। তাঁর মেয়ে নিপীড়নের শিকার হয়েছে দাবি করে তিনি ন্যায়বিচার চেয়েছেন এবং তা নিশ্চিত করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, রোববার দুপুরে মাদরাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী বলেন, মামলার তদন্ত চলছে এবং পুলিশ বিষয়টি দেখছে। এ অবস্থায় তাঁর পক্ষে কথা বলা সম্ভব নয়।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত