সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | ১২:৩০ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। তাঁর দাবি, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।

সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনে কিউলের এ অভিযোগ উঠে এসেছে। এতে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সম্পর্ক এবং এপস্টেইনের অপরাধে ট্রাম্পের কথিত সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের বিবরণ তুলে ধরা হয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কিউল অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সালের নভেম্বরে প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেছিলেন। তবে এবার ডেমোক্র্যাট কমিটির কর্মীদের কাছে সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ওই সময় তাঁকে ধর্ষণও করা হয়েছিল।

কিউলের ভাষ্য অনুযায়ী, তাঁর বয়স যখন ২৪ বছর, তখন নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় হয়। সে সময় হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাট কমিটির কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

কিউলের দাবি, ট্রাম্প তাঁকে ভিসার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) ভর্তির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিবেদনে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প তাঁকে বলেছিলেন, ‘আমি তোমার দেখভাল করব।’

কিউল জানান, ট্রাম্পের সঙ্গে কথা শেষ হওয়ার পরপরই এপস্টেইন তাঁর কাছে আসেন। এপস্টেইন নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে তাঁকে মার-আ-লাগোতে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। প্রতিবেদনে এপস্টেইনের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘আমরা ডনের সঙ্গে অনেক পার্টির আয়োজন করি।’

ট্রাম্প অবশ্য দাবি করে আসছেন, এপস্টেইনের অপরাধ নিয়ে সন্দেহ তৈরি হওয়ার অনেক আগেই তাঁদের বন্ধুত্বের অবসান হয়েছিল। এপস্টেইনকে তিনি বারবার ‘বিকৃত রুচির লোক’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, এপস্টেইনকে মার-আ-লাগো ক্লাব থেকেও বের করে দিয়েছিলেন তিনি।

ডেমোক্র্যাটদের প্রতিবেদনে বলা হয়েছে, পরে ট্রাম্পের এক প্রতিনিধি কিউলকে প্লাজা হোটেলের ওপরের তলায় ট্রাম্পের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানান। সেখানে যাওয়ার পরই কথিত ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন কিউল।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ‘সেখানে ঢোকার পর ট্রাম্প পেছন থেকে কিউলকে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তাঁর পোশাক ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত ও কালশিটে দাগ দেখা দেয়।’

কিউল ঘটনাটিকে ‘নৃশংস’ বলে বর্ণনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর অভিযোগ, ঘটনার পর ট্রাম্প তাঁকে বিছানার কিনারায় বসান এবং ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি আবারও দেন। একই সঙ্গে তাঁকে ঘটনা গোপন রাখার প্রতিশ্রুতি দিতে বলেন। প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়েছে, ‘যা-ই ঘটুক, সবকিছু আগের মতো চলতে হবে।’
আগের অভিযোগে ভিন্ন বক্তব্য

২০২৪ সালের অক্টোবরে ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে কিউল বলেছিলেন, ১৯৯৩ সালে প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেছিলেন। সে সময় তাঁর অভিযোগ ছিল, ট্রাম্প তাঁর ঠোঁট ও ঘাড়ে চুমু দিয়েছিলেন, পোশাক ওপরে তোলার চেষ্টা করেছিলেন এবং শরীরের বিভিন্ন স্থানে তাঁকে স্পর্শ করেছিলেন।

তবে ওই সাক্ষাৎকারে কিউল বলেছিলেন, ঘটনা এর চেয়ে বেশি দূর গড়ায়নি। তাঁর ভাষ্য ছিল, তিনি যথাসাধ্য বাধা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ট্রাম্পকে বলেছিলেন, ‘আগে কথা বলি’ বা এ ধরনের কিছু। এরপর ট্রাম্প শান্ত হয়ে যান বলে দাবি করেছিলেন তিনি।

ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার সাবেক এই মডেলের ধারণা, তাঁর শারীরিক গড়নের কারণেই কথিত হামলাটি আরও গুরুতর পর্যায়ে যেতে পারেনি।

ডেইলি মেইল সে সময় আরও জানিয়েছিল, কিউলের দীর্ঘদিনের এক বন্ধু দাবি করেছেন, ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের কথা কিউল তাঁকে প্রায় ২০ বছর আগেই জানিয়েছিলেন। বন্ধুটির ভাষ্য অনুযায়ী, এত বছর পরও ঘটনাটি নিয়ে কিউলের বর্ণনায় কোনো পরিবর্তন আসেনি।
অভিযোগ অস্বীকার হোয়াইট হাউসের

২০২৪ সালে কিউলের অভিযোগ সামনে আসার পর ট্রাম্পের তৎকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সেগুলোকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছিলেন। এবারও হোয়াইট হাউস অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্পের এক মুখপাত্র ডেমোক্র্যাটদের প্রতিবেদনকে ‘উন্মত্ত ডেমোক্র্যাটদের মরিয়া চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্যের কারণে রিপাবলিকানদের প্রতি বাড়তে থাকা সমর্থন থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের ওই মুখপাত্র আরও দাবি করেছেন, এপস্টেইন-সংক্রান্ত বিষয়ে ট্রাম্পকে ‘সম্পূর্ণভাবে দায়মুক্ত করা হয়েছে’।
আরও চার নারীর অভিযোগ

প্রতিবেদনটিতে আরও চার নারীর বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। তাঁরাও ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প, এপস্টেইন ও তাঁদের সহযোগীরা প্লাজা হোটেলে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতাকে অসহায় তরুণী ও কিশোরীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতেন।

প্রতিবেদন প্রকাশের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে প্রতিনিধি পরিষদের কমিটির জ্যেষ্ঠ সদস্য জেমি রাসকিন বলেন, পাঁচ নারী সরাসরি অভিযোগ করেছেন, এপস্টেইনের সঙ্গে থাকা অবস্থায় বা তাঁর উপস্থিতিতে ট্রাম্প তাঁদের ধর্ষণ কিংবা যৌন নিপীড়ন করেছেন। অন্য নারীরা জানিয়েছেন, এপস্টেইন বা ম্যাক্সওয়েল তাঁদের ট্রাম্পের কাছে পাচার করার চেষ্টা করেছিলেন।

রাসকিন আরও অভিযোগ করেন, প্রেসিডেন্টকে রক্ষা করতে ট্রাম্পের বিচার বিভাগ এসব অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে ট্রাম্পের ভূমিকা এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়গুলো রিপাবলিকান প্রার্থীদের ওপর রাজনৈতিক চাপ তৈরি করেছে। তবে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে প্রার্থী নন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com