নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | ১০:২৯ পিএম

মিষ্টির সিরায় ময়লা ও মরা পোকা, চিনির গুঁড়া রাখা স্যাঁতসেঁতে বক্সে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পিওর সুইটমিট অ্যান্ড বেকারি’ নামে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্সও ছিল না।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে খাদ্যপণ্য তৈরিতে একাধিক অনিয়ম পাওয়া যায়। চিনির গুঁড়া রাখা হয়েছিল নোংরা ও স্যাঁতসেঁতে বক্সে। কুকিজ তৈরির খামির ছিল খোলা ও ঢাকনাবিহীন। নোংরা দেয়ালের পাশে ঝুলিয়ে রাখা হয়েছিল মিষ্টির ছানা। কেক তৈরির কাঁচামালও সংরক্ষণ করা হচ্ছিল লেবেল ছাড়া।
এ ছাড়া মিষ্টির সিরায় ময়লা ও মরা পোকার অংশবিশেষ পাওয়া যায়। অভিযানের সময় কারখানা কর্তৃপক্ষ কাঁচামাল কেনার চালান ও উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অনিয়মের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবং প্রতিষ্ঠানের মালিকের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত