চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | ১১:৩৮ এএম

চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করছে সরকার। চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, এসব দেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে এবং প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যেই দেশি-বিদেশি বিনিয়োগকারী, পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৬ জুলাই (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ: এ ক্লোজড-ডোর রাউন্ডটেবিল অন ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স আয়োজন করেছিল। সেই সম্মেলনের ধারাবাহিকতায় এ রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল তিতুমীর, দেশি-বিদেশি বিনিয়োগকারী, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, বৈঠকে এলডিসি উত্তরণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), পুঁজিবাজার, ব্যবসা সহজীকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেছেন। এসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন বিনিয়োগ আকর্ষণ, নতুন বাজার সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com