নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ১১:২৮ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করছেন। তবে সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাঁকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের চক্রান্ত অব্যাহত রয়েছে।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই আন্দোলনের শহীদদের অসম্মান করেছে। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আওতায় থাকা একজন পলাতক আসামি এবং তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলার বিচার চলছে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত