নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭:০০ এএম

ময়মনসিংহ নগরীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) ও হালুয়াঘাটের ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক (৬০)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত