বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৫৪ পিএম

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের অভিন্ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

বুধবার ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, ই-হেলথ ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে আরও কার্যকর ই-হেলথ ব্যবস্থা গড়ে তুলতে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য খাতে সহযোগিতার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন ডেনমার্কের রাষ্ট্রদূত। এগুলো হলো—ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাপনা, নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং জাতীয় খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি।

এ সময় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকে নিরাপদ পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে ডেনমার্কের দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাড়তে থাকা লবণাক্ততার কারণে নারীদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়।

এ ছাড়া ঢাকার সায়েদাবাদ পানি শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পে ৩০ কোটি ইউরো অর্থায়নে অংশ নিচ্ছে ডেনমার্ক। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার ৭০ থেকে ৯০ লাখ মানুষের নিরাপদ পানি সরবরাহে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য খাতে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে নিয়মিত সমন্বয়ের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে বাংলাদেশ-ডেনমার্ক অংশীদারিত্ব আরও কার্যকর করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন তারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com