জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২১ এএম

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

জয়পুরহাটে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের টের পেয়ে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট ডিলার ও পরিবহনকারীরা। পরে জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে পালিয়ে যান। পরে জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার নওগাঁর ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতপরিচয় পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম বা পাচারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com