ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪২ পিএম

এশিয়ান গেমসে জাপানকে ৪৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে আফগান স্পিনারদের ঘূর্ণিতে ১৯.৩ ওভারে ৮১ রানেই অলআউট হয়ে যায় জাপান।
আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খানও ছিলেন দুর্দান্ত, ১৯ রানে নেন ৩ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ধীরগতিতে রান তুললেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।
১২৯ রানের লক্ষ্য তাড়ায় জাপানের শুরুটা ছিল আশাব্যঞ্জক। অষ্টম ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৫৩ রান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানিস্তান। স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে জাপান।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় জাপান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।
এই জয়ে ‘এ’ গ্রুপে ২ পয়েন্ট পেল আফগানিস্তান। একই গ্রুপে রয়েছে নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান—দুই দলই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত