সর্বশেষ
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বিশ্ব ডাক দিবস আজ ভারত মহাসাগরের নির্জন দ্বীপে ১ লাখ ৮০ হাজারের বেশি বিশালাকার কচ্ছপ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিপাকে ভারতের ৮ আইটি কোম্পানি, অনিশ্চয়তায় হাজারো কর্মীর গ্রিন কার্ড

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | ৫:২৯ পিএম

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেও এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সেরা গ্রন্থাগারগুলোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ ঘাটতি দূর করতে হবে।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী।

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়েও শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও নতুন প্রজন্মের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলায়ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীরাও ভালো করছে। তাই স্কুল পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com