নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ১২:১৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীন আশারতলি বিওপির জওয়ানরা উপজেলার জারুলিয়াছড়ি এলাকায় অভিযান চালান।
১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ওই ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯টি প্যাকেটে থাকা ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত