সর্বশেষ
সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোরসহ আটক ৬ ফিলিস্তিনি বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, ইউএনওর কাছে এসে পেলেন পড়াশোনার দায়িত্ব নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব? যা করবেন ফিলিস্তিন-ইরান ইস্যুতে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ চান অ্যালবানিজ

ভিলাভিসেনসিও হত্যা: ইকুয়েডরে সাবেক মন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১১:২৩ এএম

ভিলাভিসেনসিও হত্যা: ইকুয়েডরে সাবেক মন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে দেশটির প্রসিকিউটর কার্যালয়। ২০২৩ সালে নির্বাচনী প্রচারণার সময় ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনায় নেপথ্যে থেকে পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

শনিবার ইকুয়েডরের প্রসিকিউটর কার্যালয় এ অভিযোগ আনে। খবর বার্তা সংস্থা এএফপির।

দুর্নীতিবিরোধী তদন্তের জন্য পরিচিত আইনপ্রণেতা ভিলাভিসেনসিও ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণার একটি অনুষ্ঠানে গুলিতে নিহত হন। ওই সময় জনমত জরিপে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন।

প্রসিকিউটর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, হত্যাকাণ্ডে কথিত ভূমিকার জন্য সাত আসামির বিরুদ্ধে ‘পরোক্ষভাবে হত্যাকাণ্ড সংঘটনে জড়িত’ থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হোসে সেরানো, সাবেক আইনপ্রণেতা রনি আলেগা, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবসায়ী জাভিয়ের জর্ডান এবং কুখ্যাত লস লোবোস গ্যাংয়ের সঙ্গে যুক্ত চার ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন গ্যাংটির কথিত নেতা উইলমের চাভারিয়া, যিনি ‘পিপো’ নামে পরিচিত।

প্রসিকিউটরদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে বসবাসকারী জর্ডান ভিলাভিসেনসিও হত্যাকাণ্ডে অর্থায়ন ও পরিকল্পনা করেছিলেন।

সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সেরানোর বিরুদ্ধে অভিযোগ, তিনি লস লোবোস গ্যাংয়ের সদস্যদের কাছে ভিলাভিসেনসিওর অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন।

ভেনেজুয়েলায় রাজনৈতিক আশ্রয় পাওয়া সাবেক আইনপ্রণেতা আলেগা হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম সমন্বয় করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর আনা হিদালগো।

এদিকে, স্পেন থেকে ইকুয়েডরে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখি চাভারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১০ লাখ ডলারের বিনিময়ে ভিলাভিসেনসিও হত্যার পরিকল্পনা করেছিলেন।

সাবেক অনুসন্ধানী সাংবাদিক ভিলাভিসেনসিও হত্যার আগে সংগঠিত অপরাধী চক্রগুলোর কাছ থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এরই মধ্যে আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের কয়েকজনকে সর্বোচ্চ ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হামলায় ভিলাভিসেনসিওকে গুলি করা সন্দেহভাজন বন্দুকধারীকে তার দেহরক্ষীরা গুলি করে হত্যা করেন। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক আরও ছয় সন্দেহভাজন কারাগারে নিহত হয়েছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com