ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | ১২:০০ পিএম

সংগৃহীত ছবি
নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যসহ সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক এক মুহূর্ত।’
প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা জানান, নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন টিনুবু। এ সময় দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে। প্রেসিডেন্টের কার্যালয় ও বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানিয়েছেন, একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এই মডেলের বিমানে ৩০ থেকে ৫০ জন যাত্রী বহন করা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নদীর কাছে বেশ কয়েকজন মানুষকে জড়ো হতে দেখা গেছে। উদ্ধারকারীরা নৌকায় করে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন।
সূত্র: রয়টার্স, ফ্রান্স২৪



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত