নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১:২০ পিএম

সংগৃহীত ছবি
পুলিশের কোনো সদস্য ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে নানা ধরনের কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং নানা ধরনের সংবাদ দিচ্ছেন। কোনো পুলিশ সদস্য শৃঙ্খলা না মানলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ রয়েছে। কোনো নাগরিক অপরাধের শিকার হলে বা নিরাপত্তাহীনতায় পড়লে প্রথমেই পুলিশের কাছে যান।
অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী দোসরদের’ আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ব্যক্তিকে গ্রেপ্তারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যে বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ়, দায়িত্ব পালনে নিরপেক্ষ এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হবে।’
পুলিশের প্রতি জনগণের আস্থা কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। প্রাতিষ্ঠানিক, লেজিসলেটিভ ও অ্যাডমিনিস্ট্রেটিভ—এই তিন ধরনের সহায়তার মাধ্যমে পুলিশের ইমেজ পুনঃপ্রতিষ্ঠা ও জনআস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সদস্যদের নিজেদের মনোবল ধরে রাখার পাশাপাশি জনগণের আস্থা অর্জনের বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত