ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ৬:৫৬ এএম

সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকার প্রচার করায় স্কাই স্পোর্টসের ওপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার লর্ডস টেস্ট চলাকালে বৃহস্পতিবার লাঞ্চ বিরতিতে স্কাই স্পোর্টসে প্রচারিত হয় ১৮ মিনিটের ওই সাক্ষাৎকার। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন সাক্ষাৎকারটি নেন। সেখানে বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান সুলেইমান ও কাশিম।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে পিসিবি। অনুষ্ঠানটি প্রচার না করার অনুরোধ জানানো হয়। এমনকি সাক্ষাৎকার প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নামবেন না—পিসিবির পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ কারণে সাক্ষাৎকারটি প্রচারে কিছুটা বিলম্ব হলেও শেষ পর্যন্ত সেটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। তবে পিসিবির অভিযোগ নিয়ে স্কাই স্পোর্টস কোনো মন্তব্য করেনি। পাকিস্তানি ক্রিকেটাররাও নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনে মাঠে নামেন।
আথারটন বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগে সাক্ষাৎকারটির একটি টিজারও প্রচার করেছিল স্কাই স্পোর্টস। পাকিস্তানে সিরিজটির সম্প্রচার করছে পিটিভি; তবে ইমরানের ছেলেদের সাক্ষাৎকারটি সেখানে প্রচার করা হয়নি।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে। বিরোধীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না এবং ব্যক্তিগত চিকিৎসকদেরও তার কাছে যেতে দেওয়া হচ্ছে না। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি দেন বিভিন্ন দেশের ২১ সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে এটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আথারটনও। এর আগে ইমরানকে ঘিরে পাকিস্তান সরকারের পদক্ষেপের সমালোচনা করে তিনি মন্তব্য করেছিলেন, ‘রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।’
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইমরান খান ও তার দল।
ক্রিকেটার হিসেবেও ইমরানের রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৯২ বিশ্বকাপে তার নেতৃত্বেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত