সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

ইমরান-বুশরাকে একাকী বন্দী রাখা যাবে না, হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৪ এএম

ইমরান-বুশরাকে একাকী বন্দী রাখা যাবে না, হাইকোর্টের নির্দেশ

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে একাকী কারাবন্দী রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে কারাগারের নিয়ম অনুযায়ী তাদের পরস্পরের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষকে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি খাদিম হুসেইন সোমরো এসব নির্দেশ দেন।

বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান ও বুশরা বিবি। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইমরান খানকে কথিত একাকী কারাবন্দী রাখার অভিযোগে তার বোন আলিমা খান আদালতে আবেদন করেন। অন্যদিকে বুশরা বিবিকে নিয়ে পৃথক আবেদন করেন তার মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা।

রায় ঘোষণার সময় আদালত বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী ইমরান খানের পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। পাশাপাশি দুই ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থাও করতে হবে।

এ ছাড়া ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শুরু থেকেই এসব মামলায় দেওয়া সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। তার পরিবার ও সমর্থকেরাও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে সাক্ষাৎ ও চিকিৎসার সুযোগ সীমিত করার অভিযোগ করে আসছেন। তবে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৪ সালের ৩১ জানুয়ারি প্রথমবার কারাগারে যান বুশরা বিবি। প্রায় নয় মাস পর ২৪ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি। পরে আরেকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আবার গ্রেপ্তার হন। এরপর আরও কয়েকটি দুর্নীতির মামলায় তাকে অতিরিক্ত সাজা দেওয়া হয়।

ইমরানের চিকিৎসা নিয়েও বিরোধ

ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া নিয়েও সম্প্রতি তার পরিবার ও পাকিস্তান সরকারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তার পরিবার ও সমর্থকেরা দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। বিশেষ করে চলতি বছরের শুরুতে শনাক্ত হওয়া চোখের সমস্যা নিয়ে তারা উদ্বেগ জানান।

তবে ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এরপর ইমরান খানের পরিবার আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করে, তাকে পিআইএমএস হাসপাতালে নেওয়া সুপ্রিম কোর্টের আগের নির্দেশের লঙ্ঘন। ওই নির্দেশে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে রাখার কথা বলা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পিআইএমএসে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার।

এ ঘটনায় আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। তিন সদস্যের বেঞ্চে ওই শুনানি হবে। বেঞ্চে থাকবেন বিচারপতি শহীদ ওয়াহিদ, নাঈম আখতার আফগান ও ইশতিয়াক ইব্রাহিম।

একই বেঞ্চে ইমরান খানের স্বাস্থ্য এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগসংক্রান্ত বিচারাধীন মামলাগুলোরও শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com