ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৯ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৬৩ জন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ হামলা চালানো হয়। তিনি হামলাটিকে ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে পাঁচজন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় আহত ৬৩ জনের মধ্যে ৫০ জনই নারী ও শিশু। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ইরান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থলে ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে।
আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমান উড়তে দেখেছিল।
তার ভাষ্য, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ইট, পাথর ও সিমেন্টের টুকরা তার মুখ ও মাথায় আঘাত করে। শিশুটির দাবি, আহতদের সবাই ছিলেন সাধারণ বেসামরিক মানুষ।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত