ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৪৯ এএম

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় নতুন শর্ত আরোপের প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। শিশুর পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মায়ের নাগরিকত্ব কিংবা অভিবাসন অবস্থার প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা আনার কথা বলা হয়েছে।
রয়টার্সের পর্যালোচনা করা স্টেট ডিপার্টমেন্টের একটি খসড়া নির্দেশিকায় এসব তথ্য উঠে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শিশুর পাসপোর্টের আবেদনের সঙ্গে বাবা-মা বা আইনগত অভিভাবকদের বৈধ মার্কিন পাসপোর্ট, জন্মসনদ, আই-৯৪ ফর্ম কিংবা বৈধ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) প্রমাণ জমা দিতে হতে পারে।
এসব নথি যাচাইয়ের পর সংশ্লিষ্ট শিশু নতুন নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না, তা নির্ধারণ করবে সরকার।
খসড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিশুর বাবা বা মা যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি সরকারের হয়ে কাজ করলে, নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে প্রতারণা বা বাণিজ্যিক লেনদেনে জড়িত থাকলে কিংবা ‘এলিয়েন এনেমি’ হিসেবে শ্রেণিবদ্ধ হলে শিশুটির নাগরিকত্ব আটকে দেওয়ার সুযোগ রাখা হতে পারে।
ট্রাম্পের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার তাঁর নির্বাহী আদেশকে ৬-৩ ভোটে বেআইনি ঘোষণা করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল, ওই আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এবার ট্রাম্পের সর্বশেষ আদেশও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। মেরিল্যান্ডের ফেডারেল জেলা বিচারক ডেবোরাহ বোর্ডম্যান আদেশটি নিয়ে সংশয় প্রকাশ করে এটিকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন।
সূত্র: রয়টার্স



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত