ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হারতে হলো নামিবিয়াকে। লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের দুর্দান্ত সেঞ্চুরি ও কনর এস্টারহুইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে দারুণ লড়াই করেও ২০ ওভারে ৩ উইকেটে ২১৭ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। ফলে ১১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। মাত্র ৭০ বলে প্রথম উইকেটে ১৫৬ রানের ঝড়ো জুটি গড়েন প্রিটোরিয়াস ও এস্টারহুইজেন।
এস্টারহুইজেন ৪০ বলে ৮৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ৬টি চার ও ৮টি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২২০। অন্য প্রান্তে আরও ভয়ংকর ছিলেন প্রিটোরিয়াস। ৫৩ বলে ১০১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা।
১১.৩ ওভারে ১৫৬ রানে এস্টারহুইজেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জান বাল্ট। এরপর ১৩.১ ওভারে মাত্র ৩ রান করে একই বোলারের দ্বিতীয় শিকার হন ডেওয়াল্ড ব্রেভিস।
রুবিন হারম্যানের ২১ বলে ২৬ রান এবং শেষদিকে এথান বশ ও জর্ডান হারম্যানের ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার হয়ে বাল্ট ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান জেরহার্ড এরাসমাস ও রুবেন ট্রাম্পেলম্যান।
জবাবে ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ করে নামিবিয়া। লরেন স্টেইনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্কের উদ্বোধনী জুটিতে মাত্র ৬.১ ওভারেই ৬৭ রান তুলে ফেলে দলটি। প্রথম উইকেটে তারা যোগ করেন ১১৯ রান।
ফ্রাইলিঙ্ক মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৭২ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। ১০.৫ ওভারে তার বিদায়ের সময় নামিবিয়ার স্কোর ছিল ১১৯।
স্টেইনক্যাম্পও তুলে নেন ঝোড়ো ফিফটি। ৩৭ বলে পঞ্চাশ পূর্ণ করা এই ব্যাটার ৪৪ বলে করেন ৬১ রান। ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় চোটের কারণে। ১৫.৬ ওভারে ১৬৭ রানে পৌঁছানোর পর মাঠ ছাড়েন তিনি।
এরপর অধিনায়ক জেরহার্ড এরাসমাস ২৬ বলে অপরাজিত ৩০ রান করেন। শেষদিকে রুবেন ট্রাম্পেলম্যানের ১০ বলে ২১ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা আরও বাড়ে নামিবিয়ার।
১৮.৪ ওভারে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে নামিবিয়া। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল দ্রুত রান। তবে চাপের মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বোলাররা নিয়ন্ত্রণ ধরে রাখেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২১৭ রানেই থামে নামিবিয়ার ইনিংস। ফলে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের ফলে সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত