ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১:০৭ পিএম

এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের গ্রুপপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে তারা। পাঁচ মিনিট পর, ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনা।
তৃতীয় কোয়ার্টারে অবশ্য আবারও সমতায় ফেরে চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে গোল করে ম্যাচের স্কোর ২-২ করেন ওয়াং ইউ-চিউ। এরপর চতুর্থ কোয়ার্টারে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন হুয়াং ইউ-টিং। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ হারে বাংলাদেশ।
এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশের অভিষেক হয়েছিল চীনের বিপক্ষে। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় তারা।
চতুর্থ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পায় বাংলাদেশ। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে জয়হীনই থাকল দলটি।
গ্রুপপর্বে পাঁচ ম্যাচে চার হারে ও এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে পুল ‘এ’-এর টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চীন।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত