নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১ পিএম

কুয়াকাটার একটি হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে অবস্থানকালে পুলিশের এসআই জাকির হোসেনকে হাতেনাতে ধরেছেন তার স্ত্রী। এ সময় ক্ষুব্ধ স্ত্রী ওই নারীকে মারধরের চেষ্টা করলে তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রীকেই মারধর করেন জাকির। ঘটনার একটি ১৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাউফলের কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে স্ত্রীকে মারধর করতে দেখা যাওয়া ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভোলায় কর্মরত থাকার সময় এক তরুণীকে বিয়ে করেন এসআই জাকির হোসেন। তাদের সংসারে একাধিক সন্তান রয়েছে। পরবর্তী সময়ে পটুয়াখালীর দুমকী উপজেলার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।
সূত্র জানায়, ওই নারীকে নিয়ে কুয়াকাটার একটি হোটেলে অবস্থান করছিলেন জাকির। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে স্ত্রী তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর তিনি ওই নারীকে মারধরের চেষ্টা করলে জাকির তাকে বাধা দেন এবং একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন।
১৮ সেকেন্ডের ভিডিওটি ঠিক কবে ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
পুলিশ সূত্রের দাবি, চাকরি বাঁচাতে পরে ওই নারীকে বিয়ে করেন জাকির হোসেন। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে এসআই জাকির হোসেনের বক্তব্য জানা যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনা বাউফলের নয়। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত