ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | ১:১০ পিএম

দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জীবনের কঠিন এক অধ্যায় পেরিয়ে বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচার ও কেমোথেরাপির মতো কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।
শনিবার দীর্ঘ বিরতির পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া বৃষ্টি। এ সময় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। অস্ত্রোপচারের কারণে তার ওজন বেড়েছে বলেও জানান তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকমতো কথা বলতেও পারেননি তানিয়া। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
ফেসবুক লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তানিয়া জানান, এখনও তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। চিকিৎসা চললেও এর পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
অসুস্থতার পুরো সময়টাতেই অভিনয় থেকে দূরে ছিলেন তানিয়া। তবে দর্শকদের ভালোবাসাই তাকে আবার কাজে ফেরার সাহস জোগাচ্ছে বলে জানান তিনি।
তানিয়া বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’
চিকিৎসকের পরামর্শ মেনেই বর্তমানে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। বেশির ভাগ সময় পোষা বিড়ালগুলোর সঙ্গে কাটে তার। বাইরে কোথাও গেলেও সঙ্গী হয় তারা। দীর্ঘ চিকিৎসার সময়ে পোষা প্রাণিগুলো তাকে মানসিকভাবে ভালো থাকতে সহায়তা করেছে বলেও জানান তানিয়া।
দীর্ঘ নয় মাসের কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তার জন্য নিয়মিত দোয়া করা এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে বলে জানান এই অভিনেত্রী।
সবশেষে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত