নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | ৩:৪৭ পিএম

বরিশালের গৌরনদীতে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন মোকাদ্দেসুর রহমান নামে এক কলেজশিক্ষক। এ সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে তার কর্মস্থল আগরপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সরিকল গ্রামে এ ঘটনা ঘটে।
মোকাদ্দেসুর রহমান আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার সালামপুর ইউনিয়নের সাধুপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরিকল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন মোকাদ্দেসুর রহমান। এ সময় বাজারের পাশের এক গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়রা জানান।
বুধবার সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন যুবক ওই প্রভাষককে গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে তাকে মারধর করে আটকে রাখেন।
অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেসুর রহমান ও ওই নারী জানিয়েছেন, গত দুই মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই গৃহবধূ তাকে বিয়ে করতে রাজি হলেও শিক্ষক মোকাদ্দেসুর রহমান বিয়েতে রাজি হননি বলে জানা গেছে।
এদিকে ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে।
আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমার নজরে আসে। এরপর তাৎক্ষণিক কলেজ গভর্নিং বডির সভাপতিসহ অন্যদের সঙ্গে ভার্চুয়াল সভা করে প্রভাষক মোকাদ্দেসুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কলেজের প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত