সর্বশেষ
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজশিক্ষক, গণপিটুনির পর বরখাস্ত ফেনীতে ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ কিট, দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮, বাড়ছে হতাহতের সংখ্যা ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প বাংলাদেশ সীমান্তঘেঁষা রাখাইনে বিমান হামলা, নিহত ৫০; জাতিসংঘের উদ্বেগ কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ ফেনীর পথে প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

ফেনীর পথে প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | ১১:২৮ এএম

ফেনীর পথে প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

সংগৃহীত ছবি

বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও সরকারি কর্মসূচিতে অংশ নিতে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, এক দিনের সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন তিনি।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মানী হস্তান্তর করা হবে।

সর্বশেষ বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
১,৫৪২ কোটি টাকার প্রকল্প

জানা গেছে, পরশুরামে উদ্বোধন হতে যাওয়া মুহুরী-কহুয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। গত ১৬ জুন একনেকে প্রকল্পটি অনুমোদিত হয়।

প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ফেনী সফর গত ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। সরকার গঠনের পর এটিই তার প্রথম ফেনী সফর।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com