নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৭ পিএম

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী উধনপাড়া গ্রামের জুড়ান মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে কুষ্টিয়ার চৌরহাস মোড়ের উদ্দেশে রওনা হয়। পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উধনপাড়া হাজির মোড়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাদেক আলীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত