ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ এএম

সংগৃহীত ছবি
সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নত করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন দেশটির অভ্যন্তরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বড় শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর মেয়রদের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, সামরিক যুদ্ধের মাধ্যমে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন দেশের অভ্যন্তরে বিভাজন তৈরি এবং তা আরও গভীর করার দিকে মনোযোগ দিয়েছে।
এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, কোনো একটি গোষ্ঠীর নিজেদের ‘সবজান্তা’ মনে করে দেশের অন্যদের দুর্বল করা উচিত নয়।
পেজেশকিয়ান আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সব নাগরিকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। জাতীয় ঐক্য ধরে রাখা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন দেশের জন্য গুরুত্বপূর্ণ।
সূত্র: আল জাজিরা



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত