ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৪০ পিএম

ফাইল ছবি
২০২৭ সালের হজ মৌসুমের জন্য সমন্বিত (অল-ইনক্লুসিভ) প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় বিদেশি হজযাত্রীদের সেবা দেওয়া হজ এজেন্সিগুলো আবাসন, পরিবহন, খাবার ও পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবার জন্য আলাদাভাবে একাধিক চুক্তি না করে একটি মাত্র চুক্তির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
বিদেশি হজ এজেন্সি ও হজযাত্রী বিষয়ক দপ্তরগুলো ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সংক্রান্ত আবেদন জমা দিতে পারবে। এই ব্যবস্থায় হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন উদ্যোগের ফলে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের চুক্তিভিত্তিক সম্পর্কও স্পষ্ট হবে।
নতুন প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোর সেবাকে চারটি প্রধান ক্ষেত্র হিসেবে রাখা হয়েছে। এর বাইরে এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত কিছু ঐচ্ছিক সুবিধাও প্যাকেজে যুক্ত করতে পারবে।
২০২৪ সালের জুনে চালু হওয়া ‘নুসুক মাসার’ ব্যবস্থার ওপর ভিত্তি করেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগে আলাদাভাবে পরিচালিত চুক্তি প্রক্রিয়াগুলোকে একটি একক কাঠামোর আওতায় আনা হয়েছে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আগাম এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বশেষ হজ মৌসুমে অংশ নেওয়া মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজযাত্রীর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন ছিলেন বিদেশি।
২০৩০ সালের মধ্যে ওমরাহ পালনকারীদের সক্ষমতা ৩ কোটিতে উন্নীত করা এবং হজ ও ওমরাহ পালনকারীদের সন্তুষ্টির হার ৯০ শতাংশে নেওয়ার লক্ষ্যেই এসব সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।
সূত্র: আরব নিউজ



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত