নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৪০ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও ধরলা ব্রিজ এলাকার ওমর আলী।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত