নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২:৪৪ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।
ইউএনও জানান, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গরুর মাংস জব্দ করা হয়। অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
জব্দ করা মাংস উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান বলেন, অভিযুক্ত মাংস বিক্রেতা নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। গরুটির পা ও পেটে সমস্যা ছিল। জব্দ করা মাংস তাৎক্ষণিক মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত