নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৫৯ পিএম

পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে উপজেলার তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল এবং সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদত হোসেন বিপ্লব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রতিবছর অর্থনৈতিকভাবে ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। এতে মানুষের গড় আয়ুও কমে যাচ্ছে। এসব ক্ষতি থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু স্থিতিশীল হওয়ার পাশাপাশি অর্থনীতি সমৃদ্ধ হবে।
কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী, এ্যাবের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত