সর্বশেষ
চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ টুপটুপ রেস্তোরাঁয় আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ শিক্ষিকা মুক্তা জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: তারেক রহমান একাদশে ভর্তির আবেদনের শেষ সুযোগ আজ, রাত ৮টায় শেষ হচ্ছে সময় গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় আদালত চত্বরে তরুণীকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোন বিভাগে

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, ট্রাম্পের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ১১:৩১ এএম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, ট্রাম্পের হুঁশিয়ারি

ফাইল ছবি

ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে তা ব্যবহার করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে জ্বালানিসংকটের পাশাপাশি ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে না দিলেও তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আপনারা কি সমস্যা দেখতে চান? শুধু জ্বালানিসংক্রান্ত সমস্যা নয়, প্রাণহানির সমস্যাও? ইরানকে পরমাণু অস্ত্র পেতে দিন, কারণ তারা এটি ব্যবহার করবে।’

হোয়াইট হাউস-সংশ্লিষ্ট ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ নামের একটি অ্যাকাউন্টে ট্রাম্পের এ বক্তব্য প্রকাশ করা হয়। ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন সম্ভাবনা আছে।’

তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা থাকলেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন ট্রাম্প। তেহরানের সঙ্গে ‘সুন্দর, বড় ও চমৎকার একটি চুক্তি’ হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইরান চুক্তিতে সম্মত হলেও সেটি যথাযথভাবে বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তিটি মেনে চলবে?’

ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান নীতিগত অবস্থান। হোয়াইট হাউসের প্রকাশিত বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র পেলে তা ‘তাৎক্ষণিকভাবে ব্যবহার করবে’।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সংকটের কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রসঙ্গে ‘আরেকটি ছোট্ট এপিক ফিউরি’ অভিযানের সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থান জানিয়ে আসছে। সর্বশেষ বক্তব্যেও সেই কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনার পাশাপাশি তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পথও খোলা রেখেছেন তিনি।

ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সামরিক সংঘাতের দিকে এগোবে, নাকি কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চলবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com