ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ১২:০৭ পিএম

দীর্ঘদিনের চিন্তা, অপেক্ষা আর অঙ্ক কষার অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
এ দফায় বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার লড়াই চলছিল। সেখান থেকে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে থাকা শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে রয়েছে, তাই র্যাংকিংয়ের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর র্যাংকিংয়ের হিসাব-নিকাশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।’
৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ওই দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের। তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত