নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ৪:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৮০৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১২৫টি ভারতীয় শাড়ি।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাত ৩টার দিকে আখাউড়ার শ্যামনগর বিওপির টহল দল আনোয়ারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বস্তা নিয়ে আসা তিন ব্যক্তিকে ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ৫৭ লাখ টাকা মূল্যের ৮০৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
একই দিন রাত ১০টার দিকে বিজয়নগরের মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১২৫টি ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দ করা পণ্যগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত