সর্বশেষ
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, থাকবেন তারেক রহমান মাদক পাচারের অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার ইসরায়েলের বসতি পরিকল্পনায় পশ্চিমাদের তীব্র নিন্দা, বাতিলের আহ্বান নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান অর্থনৈতিক চাপেই ইরান চুক্তিতে বাধ্য হবে: জেডি ভ্যান্স রাজবাড়ীতে রোগীর মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি পশ্চিম তীরে ১,২০০ বসতি নির্মাণের উদ্যোগ, ইসরায়েলকে সতর্ক করল পশ্চিমা দেশগুলো ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহত ৭৫৭, পেন্টাগনের তথ্যে অস্বস্তি সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, ইংলিশ লিগে ঝড় তুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ১:১০ পিএম

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, ইংলিশ লিগে ঝড় তুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ বোরহ্যাম উডের হয়ে ন্যাশনাল লিগে অভিষেকেই আলো ছড়িয়েছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিডো পার্কে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারায় বোরহ্যাম উড। ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোল করেন ফারহান।

প্রথমার্ধের যোগ করা সময়েও আলো ছড়ান এই তরুণ উইঙ্গার। সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ফলে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্টের স্বাদ পান ফারহান।

কয়েক দিন আগে ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেন ফারহান। নতুন ক্লাবের হয়ে প্রথম ন্যাশনাল লিগ ম্যাচেই এমন পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

ফুলহ্যামের বয়সভিত্তিক দলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান এই ফুটবলার।

ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই পিএল২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। ওই সময়ে মাত্র দুই ম্যাচে তিন গোল করেছিলেন তিনি।

প্রাক-মৌসুমে ফুলহ্যামের মূল দলের সঙ্গেও অনুশীলনের সুযোগ পান ফারহান। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার মূল দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলের জয়েও খেলেন।

ফুলহ্যামের মূল দলে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে ধারে বোরহ্যাম উডে পাঠানো হয়। তবে নতুন ক্লাবের হয়ে অভিষেকেই গোল ও অ্যাসিস্ট করে ফারহান বুঝিয়ে দিয়েছেন, বড় মঞ্চে নিজেকে প্রমাণের জন্য তিনি প্রস্তুত।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com